ঢাকা | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,১ পৌষ ১৪৩২

কারফিউ: গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি হওয়ায় গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা— আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলা এবং বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতি বলা হয়েছে।

গোপালগঞ্জের পরীক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বসেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা। আর দুপুর ২টা থেকে হওয়ার কথা উচ্চাঙ্গ সঙ্গীত প্রথমপত্র, আরবি প্রথম পত্র এবং পালি প্রথম পত্রের পরীক্ষা।

বাকি বিষয়গুলোর বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “গোপালগঞ্জ জেলায় উচ্চাঙ্গ সঙ্গীত প্রথমপত্র, আরবি প্রথম পত্র এবং পালি প্রথম পত্রের পরীক্ষার্থী নেই। তাই শুধু ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর এসেছে।

দুপুরে জেলা শহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা আসে।