শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার। এতে দেশের বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে চাকরির সুযোগ খুঁজতে অংশ নেন প্রায় দুই হাজার চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় শিল্প, বাণিজ্য, আর্থিক, প্রযুক্তি, শিক্ষা ও সেবাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান নিজেদের নিয়োগ কার্যক্রম ও চাকরির সুযোগ তুলে ধরে।
জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
এদিকে দুপুরে জব ফেয়ারের প্রধান অতিথি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আকিজ গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এসিআই, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরএফএল গ্রুপ, প্রাণ, স্কয়ার গ্রুপ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বীকন গ্রুপ, প্রাইম ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিডিজবস ডটকম, জেনেক্স ইনফোসিস, পিপলএনটেক, ইউনিসেফ, পাঞ্জেরী পাবলিকেশন্স, ইউএস সফটওয়্যার লিমিটেড, ইশিখন ডটকম, আপস্কিল বাংলাদেশ, কোয়ান্টিগো এআই ও ফিউচার ক্লাউড বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
জব ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ (প্রফেশনাল প্রোগ্রাম) সম্পন্নকারী শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা, নিজেদের জীবনবৃত্তান্ত ও যোগ্যতা তুলে ধরা এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পান।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয় ঘটানো এবং শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন চাকরির প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম লিমিটেড জব ফেয়ারের সহযোগী এবং চ্যানেল আই মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে।





