ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ডাকসু

প্রভোস্ট কর্তৃক ছাত্র নির্যাতনের বিচারসহ ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (২৪ আগস্ট) বিকালে ডাকসু নেতা এবং হল সংসদের ভিপি, জিএস, এজিএসের স্বাক্ষর সম্বলিত ৫ দফা দাবি নিয়ে উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) এবং প্রক্টরিয়াল বডির সাথে বৈঠক করেন ডাকসু ও হল সংসদের নেতারা।

ডাকসুর দেয়া ৫ দফা দাবি হলো-

১. ফজলুল হক মুসলিম হলে প্রভোস্ট কর্তৃক ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রভোস্টকে অবিলম্বে অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. ভিক্টিমসহ নির্যাতনের বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে দেওয়া শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৩. প্রভোস্ট কক্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে।

৪. আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

৫. শাহবাগ থানার অভ্যন্তরে মব সৃষ্টি করে ডাকসু, হল সংসদ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের কালক্ষেপণ করা যাবে না।

ভিসির সাথে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “ফজলুল হক মুসলিম হলের ঘটনায় আমরা ডাকসু প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে যাই এবং ভিসি, প্রো-ভিসি, প্রক্টর সবাইকে দ্রুত প্রভোস্টকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। ভিসি জবাবে বলেছিলেন দেখছি এবং তার প্রক্টরিয়াল টিমকে পাঠাচ্ছেন বলেন।

তিনি আরো বলেন, ‘কিন্তু তারা ছাত্রদলের গুণ্ডা বাহিনী দিয়ে হল সংসদের নেতৃত্ববৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করে। পরবর্তীতে ভিক্টিমসহ আরও ৩ জন সেই সিসিটিভি ফুটেজ দেখে এবং ভিক্টিম যা বর্ণনা করেছে ঘটনা তার থেকেও লোমহর্ষক ছিল। তবুও প্রভোস্টের বিচার না করে ভিকটিমসহ হল সংসদের ভিপিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে যা ফ্যাসিবাদী আমলে দেখা যেত।’

উল্লেখ্য, গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক শিক্ষার্থীকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে হেনস্তা ও ভয়ভীতি দেখানোর অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষে জড়িয়েছিলেন শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছিলেন। ঘটনার পর হল সংসদ ও শিক্ষার্থীদের একাংশ হলের প্রভোস্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, রাতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে পরের দিন প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছিল ফজলুল হক মুসলিম হল ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।