এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিভিন্ন পেজ ও গ্রুপে দাবি করা হচ্ছে, আগামী ৩০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ তথ্যটি পুরোপুরি অসত্য।
তবে ঠিক কবে ফল প্রকাশ করা হবে, তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আমরা ২০ জুলাই মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। বর্তমানে ফলাফল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়মানুযায়ী—পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসেবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এবার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
গত ২১ এপ্রিল এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। বিগত বছরগুলোর তুলনায় এবার এসএসসিতে বহিষ্কার ছিল খুবই কম।





