যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বলেন আর যেখানেই বলেন সবাই এখন বিএনপি হয়ে গেছে। যারা শিক্ষক আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নেই। ক্লাসে যখন একজন শিক্ষার্থী আসে, আপনার দায়িত্ব হলো সেই শিক্ষার্থীকে সঠিক শিক্ষা দেয়া।
শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধান অতিথি ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী আমিনুল হক আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বলেন আর যেখানেই বলেন সবাই এখন বিএনপি হয়ে গেছে। ঠিক বলছি না আমি? আমি এই কারণে কথাটা বলছি যারা শিক্ষক আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নেই। একজন শিক্ষিত মা যেমন সমাজের সব কিছু তার সন্তানকে রিপ্রেজেন্ট করেন সেভাবে আপনারা ক্লাসে যখন একজন শিক্ষার্থী আসে, আপনার দায়িত্ব হলো সেই শিক্ষার্থীকে সঠিক শিক্ষা দেয়া। কারণ প্রত্যেক বাবা মা তার সন্তানকে চায় শিক্ষকদের মাধ্যমে সঠিক শিক্ষা দিতে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাকে। এরমধ্যে সব থেকে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা। যেটি আমাদের বর্তমান সমাজে অনেকটা ঘাটতি রয়েছে।






