দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতার অভিযোগের প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা দাবি করেছেন, ক্যাম্পাস ও দেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্রলীগের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, সাখাওয়াতুল ইসলাম পরাগ, আরিফুল ইসলাম আরিফ, রবিন মিয়া শাওন, মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করার জন্য গতকাল মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের অবস্থান কর্মসূচির সমাপ্তি হলো।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে নিষিদ্ধ সংগঠনটি দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করেছে। তাদের যেকোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা ও পুনর্বাসনের চেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।”
হিমেল দাবি করেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সব ধরনের অপতৎপরতা মোকাবিলায় আমরা প্রস্তুত। রাজপথে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখবেন।







