ঢাকা | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

রাজধানীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ঘুরে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা। বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ করেন তারা।

মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জবি শাখার নেতারা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ বলেন, ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা ও মরদেহ দ্বিখণ্ডিত করার এই বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সুযোগেই দেশে প্রতিনিয়ত এমন জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। এ সময় প্রশাসন ও আইন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তারা রামিসা ও হাদি হত্যার আসামিদের দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে এক ৮ বছর বয়সী শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর মাথা কেটে দ্বিখণ্ড করা হয়েছে। শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।