ঢাকা | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাবিপ্রবিতে ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ ও গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের উদ্যোগে “Global Pathways: Research, Collaboration and Higher Study Opportunity in USA” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভিআইপি কনফারেন্স রুমে কৃষি অনুষদের এমএস শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের এলকম স্টেট ইউনিভার্সিটির উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ ও সহযোগী  অধ্যাপক ড.ইমরান আলী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, গবেষণা প্রপোজাল প্রস্তুতির কৌশল, স্কলারশিপ অর্জনের বিভিন্ন দিক এবং বৈশ্বিক পর্যায়ে ক্যারিয়ার উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা উন্নয়ন, একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের গবেষণায় সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, গবেষণাপত্র প্রকাশনা, যোগাযোগ দক্ষতা এবং সময়োপযোগী পরিকল্পনার বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে সহায়তা করেছে। পাশাপাশি এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আগ্রহ সৃষ্টি করবে বলেও তারা মত প্রকাশ করেন।