পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ক্যাম্পাসে পশু কোরবানি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গবাদিপশু যবেহ না করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২০ মে) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঈদ উপলক্ষে যারা কোরবানি দেবেন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে পশু যবেহ করবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে বাইরে যবেহ করা পশুর মাংস কাটাকাটি ও অন্যান্য আনুষঙ্গিক কাজ ক্যাম্পাসের ভেতরে করা যাবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম শেষে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






