জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বাড়ি যাত্রা নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ মে ২০২৬, শুক্রবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাতটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে পরিবহন পুলের নিজস্ব বাস ছেড়ে যাবে।
বুধবার (২০ মে) পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত রুট প্ল্যান অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহী , সিলেট ও ময়মনসিংহ বিভাগে একটি করে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে দুইটি করে শিক্ষার্থীদের পৌছে দিতে মোট সাত বিভাগে নয়টি বাস পরিচালিত হবে।
খুলনা বিভাগের ‘পদ্মা’ বাসটি ক্যাম্পাস থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর, মাগুরা ও যশোর অতিক্রম করে খুলনায় পৌছাবে। বরিশাল বিভাগের ‘তুরাগ’ বাস যাবে ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে বরিশাল পর্যন্ত।
রংপুর বিভাগের জন্য দুটি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। অনির্বাণ-২ বাসটি গাজীপুর, গাইবান্ধা হয়ে রংপুর যাবে। অন্য ধূমকেতু বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর হয়ে রংপুরে পৌছাবে।
রাজশাহী বিভাগের জন্য স্বপ্নচূরা বাসটি ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে যাবে।
চট্টগ্রাম বিভাগের জন্য :গোমতি’ বাসটি কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুটে চলাচল করবে। অন্য ‘উল্কা-৪’ বাসটি কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে যাবে।
সিলেট বিভাগের জন্য ‘আড়িয়াল’ বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে পৌছাবে।
এবং সর্বশেষ ময়মনসিংহ বিভাগের জন্য ‘প্রজন্ম’ বাসটি গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে ময়মনসিংহে যাবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাসে ওঠার সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে। ড্রাইভার ও হেলপারদের নির্দেশনা মেনে শৃঙ্খলা বজায় রেখে যাতায়াতের জন্যও শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।







