হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থীকে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৭/৫/২৬ খ্রি: রোজ রবিবার আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় অনুষ্ঠিত সভার ২নং আলোচ্যসুচি অনুযায়ী গত ১৬/৫/২৬ খ্রি: তারিখ রোজ শনিবার আনুমানিক বিকাল ৫.০০ টা হতে ৬.০০টা পর্যন্ত বাঁশেরহাট এলাকার হ্যাভেনসিটি নামক মেসের পাশে ফিশারিজ অনুষদের ৩(তিন)জন ছাত্র
যথাক্রমে (১) মো.মনিরুল ইসলাম, লেভেল-১ সেমিস্টার- ২, সেশন ২০২৫ (২) মো.রবিউল ইসলাম লেভেল-১ সেমিস্টার-২, সেশন ২০২৫ (৩) মো.কাওছার হোসেন লেভেল-১ সেমিস্টার-১ সেশন ২০২৬ পরস্পরের সাথে বিকৃত ও অসামাজিক কার্যকলাপে প্রাথমিক পর্যায়ে লিপ্ত থাকা অবস্থায় দেখা যায়, যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং বিশ্ববিদ্যালয়ের Ordinance of Students Discipline এর ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এবং সমকামিতা হিসেবে অভিযুক্ত।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ, হাবিপ্রবি এর আবেদনের প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা কমিটির ২৫ তম সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক উপরোল্লিখিত ছাত্রদের সকল একাডেমি কার্যক্রম হতে সাময়িকভাবে বহিষ্কার করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সাময়িক বহিষ্কার করায় হাবিপ্রবি’র শিক্ষার্থীদের মাঝে অসন্তুষ্টি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হাবিপ্রবি দাওয়াহ সার্কেল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা সমকামী তিন শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার দাবি করেন।






