রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. শরিফুল ইসলাম। তিনি এনটিআরসিএ’র সনদ পেয়েছেন ২০১১ খ্রিষ্টাব্দে। তবে এ নিবন্ধনের ফল প্রকাশিত হয়েছিলো ২০১২ খ্রিষ্টাব্দের ৪ মার্চ। তিনি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০১১ খ্রিষ্টাব্দের ৩০ জানুয়ারি তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন বলে উল্লেখ করা হয়। অর্থাৎ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের আগেই তিনি নিয়োগ পান। তাই তার নিয়োগটি অবৈধ। শুধু শরিফুলই নয় শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন ৬৬২ শিক্ষকের নিয়োগের অসঙ্গতির চিত্র এমটাই। কারো- কারো নিয়োগে আবার ভিন্ন অনিয়মের তথ্যও জানা যায়।
সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তরের (ডিআইএ) প্রতিবেদনে শিক্ষক নিয়োগের অনিয়মের বিষয়টি শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা কয়েকজন শিক্ষক নিয়োগের অনিয়মের চিত্র এখানে উল্লেখ করা হলো। তবে বাকিদের অবস্থাও এর কাছাকাছি বলে ডিআইএ’র প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ খ্রিষ্টাব্দের ৬ মার্চ মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন নুসরাত ইয়াসমিন রিয়া। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ২০১৫ খ্রিষ্টাব্দের পর নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ বাধ্যতামূলক করা হলেও এ সনদ নেই রিয়ার। শুধু তাই নয়, তাকে এ পদে নিয়োগ দেওয়ার সময় প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি ছিল না। নিয়োগ কমিটির রেজ্যুলেশন, পরীক্ষার নম্বরপত্র এবং যোগদান সংক্রান্ত রেজ্যুলেশনও নেই। ফলে তার নিয়োগটি বিধি সম্মত হয়নি।
শুধু শরিফুল ইসলাম কিংবা নুসরাত ইয়াসমিন রিয়াই নন; ২০১০ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দের পর্যন্ত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে চাকরি পাওয়া ৬৬২ শিক্ষকের নিয়োগ বিধি সম্মত হয়নি অর্থাৎ নিয়োগগুলো অবৈধ বলে জানিয়েছে ডিআইএ। রোববার (১৭ মে) এ সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে সংস্থাটি।
তদন্ত প্রতিবেদনের তথ্য বলছে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬টি ক্যাম্পাস রয়েছে। এই ছয় ক্যাম্পাসের প্রভাতী এবং দিবা মিলিয়ে মোট ১৪টি শিফট চালু রয়েছে। এর মধ্যে ৪টি শিফটের অনুমোদন থাকলেও বাকি ১০টি শিফটের অনুমোদন নেই।
প্রতিষ্ঠানটি ২০১০ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ছিল না ডিজির প্রতিনিধিও। শুধু তাই নয়, নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষাও নেওয়া হয়নি। গভর্ণিং বডির ২১তম সভায় এসব শিক্ষকের নিয়োগ অনুমোদন করা হয়েছে।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক (প্রভাতী) শাখায় ৬৭ শিক্ষকের নিয়োগ বিধি সম্মত হয়নি। এই ক্যাম্পাসের দিবা শাখায় ৬৫, মূল বালিকা (প্রভাতী) শাখায় ৭৫, দিবা শাখার ৬১, ব্রাঞ্চ-১ (প্রভাতী শাখা)-তে ৬৩, ব্রাঞ্চ-১ (দিবা শাখা) ৬১, ব্রাঞ্চ-২ (প্রভাতী শাখা) ৩২, ব্রাঞ্চ-২ (দিবা শাখা) ৩১, ব্রাঞ্চ-৩ (প্রভাতী শাখা ৫৬, ব্রাঞ্চ-৩ (দিবা শাখা) ৫৩, কলেজ (প্রভাতী শাখা) ২৪, কলেজ (দিবা শাখা) ২৬, কলেজ শাখা ইংলিশ ভার্সন (প্রভাতী শাখা) ২৫ এবং কলেজ শাখা ইংলিশ ভার্সনের (দিবা শাখা) ২৪ জন শিক্ষকের নিয়োগ বিধি সম্মত হয়নি।
ডিআইএ জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ (২০ মার্চ ২০০৫ তারিখ থেকে বলবৎ) এর ধারা ১০ এর উপধারা (২) অনুযায়ী, “এর অধীন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত, নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হইলে কোন ব্যক্তি কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবেন না।”
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন ২০০৫ অনুযায়ী ২০/০৩/২০০৫ তারিখের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন সনদ কাম্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবেচিত। এ প্রতিষ্ঠানে ২০০৫ খ্রিষ্টাব্দের ২০ মার্চের পর বিপুল সংখ্যক শিক্ষক প্রতিষ্ঠান প্রদত্ত বেতনে নিয়োগ করা হয়েছে। পরিদর্শনকালে তাদের শিক্ষক নিবন্ধন সনদ সরবরাহ করতে না পারায় তাদের শিক্ষক নিবন্ধন সনদ নেই।
তদন্ত প্রতিবেদনের তথ্য বলছে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক (প্রভাতী) শাখায় ৬৭ শিক্ষকের নিয়োগ বিধি সম্মত হয়নি। এই ক্যাম্পাসের দিবা শাখায় ৬৫, মূল বালিকা (প্রভাতী) শাখায় ৭৫, দিবা শাখার ৬১, ব্রাঞ্চ-১ (প্রভাতী শাখা)-তে ৬৩, ব্রাঞ্চ-১ (দিবা শাখা) ৬১, ব্রাঞ্চ-২ (প্রভাতী শাখা) ৩২, ব্রাঞ্চ-২ (দিবা শাখা) ৩১, ব্রাঞ্চ-৩ (প্রভাতী শাখা ৫৬, ব্রাঞ্চ-৩ (দিবা শাখা) ৫৩, কলেজ (প্রভাতী শাখা) ২৪, কলেজ (দিবা শাখা) ২৬, কলেজ শাখা ইংলিশ ভার্সন (প্রভাতী শাখা) ২৫ এবং কলেজ শাখা ইংলিশ ভার্সনের (দিবা শাখা) ২৪ জন শিক্ষকের নিয়োগ বিধি সম্মত হয়নি।






