কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য “ফ্রেশার্স ওরিয়েন্টেশন: একাডেমিক গাইডেন্স, কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন” শীর্ষক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, সঠিক একাডেমিক দিকনির্দেশনা পাওয়া এবং মানসিকভাবে প্রস্তুত হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় একাডেমিক কাঠামো, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কাউন্সেলিং সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং লক্ষ্য নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সাইয়াদুর রহমান বলেন, “এই ফ্রেশার্স ওরিয়েন্টেশন কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত করা এবং তাদের জন্য একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিত করা। আমরা চাই, শিক্ষার্থীরা শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা পাক এবং আত্মবিশ্বাসের সঙ্গে তাদের শিক্ষা জীবন এগিয়ে নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আইকিউএসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী নবীনদের উদ্দেশ্যে বলেন, “তোমরা সেরাদের সেরা বলেই এখানে সুযোগ পেয়েছো। তোমাদের মেধা ও ইতিবাচক গুণাবলি ধরে রাখতে হবে। আচার-আচরণে তোমরা অন্যদের জন্য উদাহরণ হবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা এমনভাবে একাডেমিক কারিকুলাম সাজিয়েছি, যাতে তোমাদের সেশনজটের মুখোমুখি না হতে হয়। সময়মতো পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয় জীবনে আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুবা নানা প্রলোভনে লক্ষ্যচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।”
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রথমবারের মতো এ ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন করেছে, যা শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






