ঢাকা | শনিবার, ২৭ জুন ২০২৬,১৩ আষাঢ় ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে বোর্ডের নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়ায় অনিয়ম এড়াতে নির্দেশনা জারি করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

গতকাল বুধবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ মার্চের জারি করা পরিপত্রে দেয়া নির্দেশনা অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের বরিশাল শিক্ষা বোর্ডের ২৯ মার্চের বিজ্ঞপ্তি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উল্লিখিত বিষয়গুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ করা হলো।

কোনো প্রতিষ্ঠান অ্যাডহক কমিটির অনুমতিপত্র যে তারিখে পাবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অভিভাবক সদস্য, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষক প্রতিনিধি এবং বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের প্রদেয় ৩ জন সভাপতির নামের তালিকার চিঠি সেই তারিখের পরের যেকোনো তারিখ হতে হবে। যেমন: একটি প্রতিষ্ঠান অ্যাডহক কমিটির অনুমতিপত্র পেয়েছে ১০ এপ্রিল সেক্ষেত্রে এই তারিখের আগে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি বা সভাপতির নামের তালিকার অনুমোদনকৃত কোনো চিঠি নেয়া হবে না।

অনলাইনে অ্যাডহক কমিটি সাবমিট করার সময় নিচের অ্যাটাচমেন্টগুলো পিডিএফ করে সঠিকভাবে দিতে হবে। সভাপতির ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের চিঠি এবং প্রস্তাবিত সভাপতিদের স্নাতক পাসের সনদপত্র দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক সদস্যের নামের পত্র: Browse…, জেলা শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষক সদস্যের নামের পত্র: Browse…., প্রস্তাবিত সভাপতির নামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের পত্র: Browse…

অনলাইনে যেকোনো আবেদনের সময় আবেদনের শেষে ‘প্রধান শিক্ষক’ এর নিচে বিদ্যালয়ের নামসহ (ইআইআইএন) উপজেলা, জেলা, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার লিখতে হবে। কারণ বিদ্যালয় এই লেখাটাই যেকোনো পত্রের প্রেরক হিসেবে যায়। সুতরাং এখানে ভুল, অসম্পূর্ণ হলে প্রেরকের ঠিকানাও ভুল, অসম্পূর্ণ হবে।

যেভাবে লিখতে হবে: প্রধান শিক্ষক পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় (১০২২৪২) গলাচিপা, পটুয়াখালী। মোবাইল নাম্বার: (ইআইআইএন ভিত্তিক নাম্বার ছাড়া অন্য অ্যাক্টিভ নাম্বার)

যেসব বিদ্যালয় (ইআইআইএন) ভিত্তিক মোবাইল নাম্বার ব্যবহার করে না সেসব বিদ্যালয়কে আগামী ১ মাসের মধ্যে (ইআইআইএন) ভিত্তিক মোবাইল নাম্বার চালু করার জন্য বলা হলো।