উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ২৮ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত স্বাভাবিক ফি দিয়ে এইচএসসির ফরম পূরণের সুযোগ রাখা হয়। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। সেই সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এ ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
গত বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ২২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে গত বছরের থেকে এইচএসসির ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা।






