ঢাকা | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,৮ বৈশাখ ১৪৩৩

গরমে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনের আহ্বান

প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করে বেলা ১২টার মধ্যে বিরতিহীনভাবে ক্লাস চালানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

সোমবার (২০ এপ্রিল) সমিতির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এমতাবস্থায় শিশুদের তাপের প্রচণ্ডতা বৃদ্ধির আগেই বিদ্যালয়ে গমনের বিষয়টি জরুরিভাবে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, উচ্চ বিদ্যালয় ও কলেজের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি অতি নগণ্য। জানুয়ারি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথভাবে শ্রেণির কার্যক্রম হয়েছে। যা মাধ্যমিকে অনেক বিদ্যালয়ে হয়নি। এসএসসি পরীক্ষার সেন্টারগুলোতে শিখন ঘাটতি ব্যাপক। শিখন ঘাটতির এ ব্যাপকতা রোধের জন্য বিদ্যালয় বন্ধের দিনগুলোতে পরীক্ষা নেওয়ার আহ্বান রইলো। প্রাথমিকের শিখন ঘাটতির অন্যতম কারণ দরিদ্র, অশিক্ষিত ও অসচেতন অভিভাবক। আশাকরি বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভাববেন। প্রচণ্ড গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচি দুপুর ১২টার মধ্যে বিরতিহীনভাবে সমাপ্ত করার আহ্বান রইলো।