ঢাকা | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,৩ ভাদ্র ১৪৩৩

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে— এমন আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করে নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে মহাখালীর রেলগেটে অবরোধ কর্মসূচির শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এ সময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়।

বেশ কয়েকমাস ধরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।

এ বিষয়ে ইতিবাচক কোন সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।