ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু।
একই সঙ্গে ছাত্রীদের একটি হল শেখ ফজিলাতুন্নেছার নাম বদলে ‘শহীদ ফেলানী হল’ রাখার দাবি তাদের। তবে এ দাবির বিষয়ে হল সংসদের নির্বাচিতদের সঙ্গে আলোচনা না করায় আপত্তি তুলেছেন হলের ভিপি ও জিএস।
পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যার’ সমর্থন দেওয়া শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে ছাত্র সংগঠনটি।
রোববার দুপুর আড়াইটায় এ তিন দাবিতে উপাচার্যের দপ্তর ঘেরাও করার কর্মসূচি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামের পোস্টার লাগিয়ে দেন ওই হল সংসদের ভিপি ও জিএস। তারা সেদিন হলের নাম বদলের দাবি জানান।






