ঢাকা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মব আক্রমণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সরকারি সাত কলেছে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। তারা বলছেন, আমরা শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একইসঙ্গে তারা জানান, এবার কর্মবিরতিতের্ ঘোষণা দিতে পারেন।
সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে এ ঘটনার পর সাত কলেজ স্বতন্ত্র রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফিল আরা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা ক্যাডাররা বলেন, সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান ও কিছু শিক্ষার্থীর ওপর বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল যারা আক্রমণ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১৩ অক্টোবর সকালবেলা ঢাকা কলেজের ছাত্রদের দুটো কর্মসূচি ছিল। একটি ছিল শিক্ষা ভবনে দিকে লং মার্চ। অন্যদিকে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে উচ্চ মাধ্যমিক এবং বর্তমানে অধ্যয়নরত স্নাতকদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য না থাকার, কলেজের সামগ্রিক কাঠামো বিলুপ্তির আশংকা ইত্যাদি কারণে প্রধানত উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা শহীদ মিনারের দিকে অভিযাত্রার আয়োজন করে।
উল্লেখ্য আনুমানিক সকাল ৯টায় শিক্ষা ভবনের দিকে যাত্রাকারী কিছু ছাত্র কলেজের উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পাল্টাপাল্টি কর্মসূচিতে কলেজের শৃঙ্খলা ব্যাহত হতে পারে এই আশঙ্কা হতে কলেজ কর্তৃপক্ষের আদেশে সকাল থেকেই শিক্ষকরা কলেজে ভিজিলেন্স টিম হিসেবে সতর্ক অবস্থানে থাকেন।
উচ্চমাধ্যমিকের বেশিরভাগ শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস ত্যাগ করলে কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান কলেজে অবস্থানকারী শিক্ষা ভবনের দিকে লংমার্চ কর্মসূচির উদ্দেশ্যে আগত শিক্ষার্থীদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে অগ্রসর হন।
তখন আকস্মিকভাবে কিছু ছাত্র তাঁর উদ্দেশ্যে অশ্রাব্য কটুবাক্য উচ্চারণ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর তারা উচ্চমাধ্যমিকের কিছু ছাত্রকেও আক্রমণ করে এবং শারীরিকভাবে হেনস্থা করে। উল্লেখ্য সে সময় কলেজে বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল যারা আক্রমণে অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতসহ দুষ্কৃতিকারী শিক্ষার্থীরা পিছু হটে। পরবর্তীতে তারা সংগঠিত হয়ে শিক্ষক লাউজে আক্রমণ ও ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ এসে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।






