ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলাম মৌলভীবাজারে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এমনটাই জানিয়েছেন এনসিপির মৌলভীবাজার জেলার আহ্বায়ক খালেদ আহমদ।
খালেদ বলেন, ‘হাসিব তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। আমরা শ্রীমঙ্গলে আছি।’
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর সড়কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠনের এ নেতার ওপর হামলা হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম অটোরিকশা করে যাচ্ছিলেন। পথে অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় ফেরার উদ্দেশে রিসোর্ট থেকে বের হন। হামলায় তার হাতসহ বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানিয়েছেন এনসিপি ও ছাত্রশক্তির নেতারা। হামলার পর হাসিব ঢাকার উদ্দেশে চলে গেছেন বলেও জানান তারা। এই হামলার খবর পেয়ে শ্রীমঙ্গল থানায় গিয়েছেন নেতাকর্মীরা। রাতে বিক্ষোভ মিছিল এবং মামলা করবেন বলেও জানিয়েছেন তারা।
ছাত্রশক্তির মৌলভীবাজার জেলার মূখ্য সংগঠক রাফি হোসেন ফাহিম বলেন, ‘আমরা এখন শ্রীমঙ্গলে আছি। জুলাই যোদ্ধা হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল হবে। পরে থানায় মামলা দায়ের হবে।’
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘আমরা এরকম একটি ভিডিও দেখে স্বপ্রণোদিত হয়ে খোঁজ নিচ্ছি। ভিক্টিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাচ্ছি না। হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি।’






