ঢাকা | শনিবার, ৭ নভেম্বর ২০২৬,২২ কার্তিক ১৪৩৩

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই শাস্তিমূলক ব্যবস্থা

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অভিযোগের সত্যতা পাওয়া গেলেই নেওয়া হবে আইনানুযায়ী ব্যবস্থা।

শুক্রবার (৬ নভেম্বর) আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

এতে জানা যায়, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় নির্দেশনা দেওয়া হয়েছে যে, ‘এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফর্ম পূরণের নামে কোন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না’। এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে প্রতিপালন করার জন্য নির্দেশ করা হয়েছে।