রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে সেনা ও পুলিশ পাহারায় ২ হাজার ৯৩৩ পর্যটককে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকদের বহনকারী যানবাহনগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওয়ানা হয়।
এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়। পরবর্তীতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিস্থিতি বিবেচনায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।




