ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,৬ কার্তিক ১৪৩৩

পুতিনের সঙ্গে বৈঠকের মধ্যেই মুক্তি পেলেন চার বছর আটক থাকা মার্কিন শিক্ষক

রাশিয়ায় চার বছর আটক থাকার পর মুক্তি পেয়েছেন অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক স্টিফেন হাবার্ড। বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের সময় তার মুক্তির খবর সামনে আসে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যে এ ঘটনাকে দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। খবর এনবিসি নিউজের।

৭৪ বছর বয়সী হাবার্ড যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা। ২০২২ সালে ইউক্রেনে আটক হওয়ার পর ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াই করার অভিযোগে তাকে আটক রাখা হয়েছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন। রাশিয়ায় অন্যায়ভাবে আটক হিসেবে চিহ্নিত সর্বশেষ মার্কিন নাগরিক ছিলেন তিনি।

হাবার্ডের মুক্তির ঘটনায় পুতিনের প্রশংসা করেন উইটকফ। বৈঠকে তিনি রুশ প্রেসিডেন্টকে ‘মানবিক’ বলে অভিহিত করেন। অন্যদিকে ট্রাম্প জানান, গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি সরাসরি হাবার্ডের মুক্তির অনুরোধ জানিয়েছিলেন। তার দাবি, এ জন্য যুক্তরাষ্ট্রকে রাশিয়াকে কোনো বিনিময় দিতে হয়নি। ক্রেমলিন অবশ্য বিষয়টিকে সদিচ্ছার নিদর্শন হিসেবে বর্ণনা করেছে।

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা হয়। পরে পুতিনের সঙ্গে বৈঠকে উইটকফ সম্ভাব্য শান্তিচুক্তির বিভিন্ন প্রস্তাবসংবলিত নথি তুলে ধরেন। তিনি রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর আশাও প্রকাশ করেন।

তবে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা রয়ে গেছে। পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা দখলের দাবি বজায় রেখেছেন। অন্যদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক চূড়ান্ত চুক্তির পর এবং মস্কোয় হতে হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

এর মধ্যেই বুধবার ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শীতের আগে দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে মস্কো। ফলে শান্তি আলোচনার অগ্রগতির পাশাপাশি যুদ্ধের তীব্রতাও অব্যাহত রয়েছে।