ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,৩ কার্তিক ১৪৩৩

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ‘আবেগবশত’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘পাপের লাশ বাংলাদেশে আনতে চাই না’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।

কামরুজ্জামান লেখেন, ‘সম্প্রতি একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত বলেছিলাম, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

তিনি বলেন, আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গত, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন কামরুজ্জামান রতন।