ভবন নির্মাণের ক্ষেত্রে কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালতের কাজে অনেকেই বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের উন্নয়ন ও নিয়মমাফিক কাজে যারা বাধা দেবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, সকাল থেকে রাজশাহী নগরীতে চলমান ও উদ্বোধনের অপেক্ষায় থাকা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী জাকারিয়া তাহের।
দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
পরবর্তীতে নাটোর রোড (রুয়েট) থেকে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন মন্ত্রী।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট তার বক্তব্যে বলেন, “উন্নত বিশ্বের মতো রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর সংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পুরো নগরীতে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।






