অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন শেষে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব বাহিনী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। যৌথ বাহিনী বলে নতুন কিছু সৃষ্টি করা হয়নি।
তিনি আরও বলেন, অপারেশন ক্লিন হার্টের কোনো পরিকল্পনা নেই সরকারের।
এসময় নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসেম্বরে কোনো অপশক্তি অপতৎপরতা ঘটাতে পারে সরকার বিশ্বাস করে না।’
এসময় তিনি আরও বলেন, ‘যৌথ বাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়া হয়নি, তবে সমন্বিত একটি অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের।’
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বেতনভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের, নতুন সদরদপ্তরে বাহিনীর সদস্যদের জন্য কেন্দ্রীয়ভাবে ডরমিটরির ব্যবস্থা করা হবে।’





