কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উপজেলা শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সারফারাজ ইসলাম সৌরভের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী মাসুম বিল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মন্ডলহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত সৌরভকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মন্ডলহাট বাজারে সার কেনার উদ্দেশ্যে যান সৌরভ। এ সময় পেছন থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ এবং তার সঙ্গীরা “বড় ছাত্রলীগ বিরোধী হয়ে গেছিস” বলে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
হামলাকারী মাসুম বিল্লাহ বুড়াবুড়ি ইউনিয়নের জয়কালী গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজ সরদারের নাতি।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর মাসুম আত্মগোপনে ছিল। সম্প্রতি এলাকায় গোপনে ফিরে সে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতায় অংশ নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সৌরভ জানান, মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পল্লী চিকিৎসক আব্দুল কাদের শামীম। সৌরভ ঘটনাটি খুলে বললে ওই বিএনপি নেতা তাকে সহমর্মিতা না জানিয়ে বলেন, “সে (মাসুম) ফ্যাসিস্ট হলেও আমার ফুফাতো ভাই। যা হবার হয়েছে, ভুলে যাও।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, “সৌরভ শুধু একজন নিবেদিতপ্রাণ পরিবেশকর্মীই নন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সামনের সারির যোদ্ধা। তার ওপর এই ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ বিষয়ে দ্রুত থানায় লিখিত অভিযোগ দেব। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে উলিপুর স্তব্ধ করে দেওয়া হবে।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত বুড়াবুড়ি ইউয়নিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাদের শামীম হামলাকারী ওই ছাত্রলীগ নেতাকে তার ফুফাতো ভাই স্বীকার করে জানান, তিনি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, ঘটনার পরে সেখানে যান। গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, এবং বলেন সত্যিই যদি সে ফ্যাসিস্ট হয়, তবে আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেব।




