ঢাকা | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,২৯ ভাদ্র ১৪৩৩

রাজশাহীতে চেকপোস্টে সিগন্যাল অমান্য ও পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, কিশোর গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি চলাকালে সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়া এবং পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে বিকেল ৫টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশির জন্য থামার সিগন্যাল দেওয়া হয়। তবে মোটরসাইকেল আরোহীরা সিগন্যাল না মেনে দ্রুতগতিতে কর্তব্যরত পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর কাটাখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের স্থান শনাক্ত করে।

পরবর্তীতে ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৪টায় মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত কিশোর মোঃ সালমান ফার্সী ওরফে শুভ (১৭)-কে গ্রেপ্তার করা হয়। শুভ মৌলভী বুধপাড়া গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, “অনভিপ্রেত ঘটনাটি ঘটার পরপরই আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় আসামিদের পরিচয় শনাক্ত করি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক অপর সহযোগীকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”