নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে তাকের ওপর অস্ত্র ও গুলিগুলো পড়ে থাকতে দেখেন মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন।
বিষয়টি নজরে আসার পর তিনি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে আড়াইহাজার থানায় নিয়ে যান। পরে সেগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রের একটি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি আড়াইহাজার যাচ্ছি। সেখানে গিয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে। এগুলো কীভাবে মসজিদের দ্বিতীয় তলায় এসে পৌঁছালো এবং এর সঙ্গে কাদের সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’






