ঢাকা | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,২৮ ভাদ্র ১৪৩৩

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি

ইতালির ভেনিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ আসরে ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) শর্ট ফিল্মের জন্য ‘সেরা পরিচালক’ পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়র-এর ক্যাম্পারি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

জানা যায়, ৯ ও ১০ সেপ্টেম্বর ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) চলচ্চিত্রে উঠে এসেছে এক শিশুর মনস্তত্ত্ব ও যুদ্ধের নির্মম বাস্তবতা। বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মানবিক ও সংবেদনশীল গল্প। চলচ্চিত্রটির এই ব্যতিক্রমী উপস্থাপন বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

পুরস্কার পাওয়ার পর নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। এইটা আমার দ্বিতীয় শর্টফিল্ম। এর আগে আমি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপ জন্য বানিয়েছিলাম আমার প্রথম শর্টফিল্ম ‘জহরে কহরে’, আলফা আই এর ব্যানারে। তারপর হাওয়াই মিঠাই বানাই। তারপর চরকির জন্য গ্যাড়াকল, টিফিন বক্স ফ্ল্যাশফিল্ম বানানো হয়। এটা আমার প্রথম পুরস্কার। এর আগেও অন্য অনেকগুলো ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে।

হাওয়াই মিঠাই (The Sweetness of Air) শর্ট ফিল্মের মাধ্যমে কী জানাতে চেয়েছেন জানতে চাইলে রাব্বি বলেন, ‘পৃথিবীর সকল যুদ্ধ বন্ধ হোক, সকল শিশু তার মায়ের বুকে ফিরে যাক। তার পরিবারের সাথে সুন্দর ভবিষ্যতের আশায় বড় হোক। কেউ তাদের হাওয়াই মিঠাইয়ের লোভ না দেখাক।’

রাকায়েত রাব্বির এই আন্তর্জাতিক স্বীকৃতিতে তার বিভাগ আনন্দিত ও গর্বিত। তার এই অনন্য অর্জন বিভাগের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার বলে জানিয়েছে বিভাগটি।