ঢাকা | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,২৮ ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ইয়েস প্রোগ্রামে পড়ার সুযোগ বাংলাদেশের স্কুল শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়ার চমৎকার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারের আবেদনপ্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি তারা একটি আমেরিকান পরিবারের সঙ্গে বসবাস করবেন, যা তাদের দেশটির সংস্কৃতি, ইতিহাস ও জীবনযাপন সরাসরি অনুভবের সুযোগ দেবে।

মূলত তরুণ নেতৃত্বের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা ও দুই দেশের পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। ২০০৪ খ্রিষ্টাব্দ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত ‘আইইএআরএন’ বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।