ঢাকা | রবিবার, ৩০ আগস্ট ২০২৬,১৫ ভাদ্র ১৪৩৩

চেয়ারম্যান নেই পিএসসিতে, ৫১তম বিসিএস নিয়ে অনিশ্চয়তা

চলতি বছরের নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদত্যাগ করায় এ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

পিএসসি সূত্র বলছে, ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারভিত্তিক শূন্যপদের চাহিদা পেতে হবে। এরপর পদসংখ্যা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। তবে চেয়ারম্যান পদে দ্রুত নিয়োগ না হলে কমিশনের নিয়মিত সভা আয়োজনসহ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) পিএসসির একজন সদস্য জানান, নিয়মিত বিসিএস আয়োজন ও শেষ করার ধারাবাহিকতা বজায় রাখতে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু হয়েছে। পাশাপাশি ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও চলমান রয়েছে।

ওই সদস্য বলেন, নিয়ম অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারভিত্তিক শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠানো হবে। শূন্যপদের তালিকা পাওয়ার পর পদসংখ্যা চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।

চেয়ারম্যান না থাকায় পিএসসির কাজে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে আপাতত বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সেপ্টেম্বরের মধ্যে চেয়ারম্যান নিয়োগ না হলে নভেম্বরে যথাসময়ে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশে প্রভাব পড়তে পারে।

এদিকে পিএসসি চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বিভাগের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম বলেন, বর্তমান চেয়ারম্যান অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না। তবে পিএসসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের পদ সরকার দীর্ঘদিন শূন্য রাখতে চায় না। এ বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে বলেও জানান তিনি।

ফলে চেয়ারম্যান পদে দ্রুত নিয়োগ হলে নির্ধারিত সময়ে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশে বড় কোনো সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে নিয়োগে বিলম্ব হলে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সূচিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।