ঢাকা | রবিবার, ২৩ আগস্ট ২০২৬,৮ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ২৫ রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করল মালয়েশিয়া

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। দেশটির অনলাইনভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউএমএস) এ তালিকা প্রকাশ করা হয়েছে।

মালয়েশিয়ার এই তালিকা প্রকাশের ফলে দীর্ঘদিন বন্ধ থাকা দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবার শুরুর আভাস পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) প্রাধান্য দেওয়ার সরকারের আগের ঘোষণা কার্যকর থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টদের অনেকে মালয়েশিয়ার প্রকাশিত ২৫টি এজেন্সির তালিকাকে ‘নতুন সিন্ডিকেট’ হিসেবে দেখছেন। তবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের দিক থেকে বোয়েসেলের মাধ্যমেই কর্মী পাঠানো হবে এবং দেশের তালিকাভুক্ত সব রিক্রুটিং এজেন্সিই এতে কাজ করার সুযোগ পাবে।

তিনি বলেন, মালয়েশিয়ার সরকারের তালিকা তাদের নিজস্ব। আমরা এখান থেকে পাঠাব বোয়েসেলের মাধ্যমেই। আমাদের তালিকায় থাকা সব রিক্রুটিং এজেন্সিই এতে কাজ করার সুযোগ পাবেন। এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই।

এদিকে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে আসলে কী করা হচ্ছে, সে বিষয়ে এখনো তাদের কাছে কোনো তথ্য পৌঁছায়নি। বিষয়টি জানতে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তারা।

তিনি বলেন, আমরা কিছু তালিকা সংবাদমাধ্যমে দেখেছি। আমরা শুধু চাই সবাই কাজ করার সুযোগ পাক, শ্রমিকরা সুরক্ষিত থাকুক এবং ন্যূনতম খরচে শ্রমিকরা যাওয়ার সুযোগ পাক।

গত ৩০ জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে’। তিনি তখন বলেছিলেন, আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে।

ওই সংবাদ সম্মেলনে প্রথম ধাপের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছিলেন মাহদী আমিন। প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে তিনি বলেছিলেন, আমরা মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছি যেন প্রথম ধাপের নিয়োগপ্রক্রিয়াটি বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হয়।

এরপর শুক্রবার মালয়েশিয়া সরকারের ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউএমএস) নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্ত করে প্রকাশ করে।

এ নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে আলোচনা শুরু হলেও শ্রমবাজার চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।