ঢাকা | শনিবার, ১৬ মে ২০২৬,২ জ্যৈষ্ঠ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং একজন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে ) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় কোটালিপাড়া গামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-মেট্রো-উ ১৪-৩৮১৬ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং পিরোজপুর-ল ১১-৪১৭৭ নম্বরের একটি ইয়ামাহা এফজেড ভার্সন-২ মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সীমা সরকার (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী এবং সুব্রত সরকারের কন্যা।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হন। তিনি একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। দুর্ঘটনায় তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

জানা গেছে, আহত মানিক সরকার তার সৌদি প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী সীমা সরকারকে মোটরসাইকেলে করে বরিশালের গৌরনদীতে চাচা শ্বশুরের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সীমা সরকারের মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর কাভার্ডভ্যান চালক মো. শামীম শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত ঠান্ডা শেখের ছেলে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।