আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, পুলিশ সদস্যদের সেই শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ, ২০২৬ এর উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি।
এসময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন সম্ভব।’
এসময় তিনি মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে আসুন নতুন শপথ নেই। দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, তারা পুলিশের ভূমিকার ওপর নির্ভরশীল। মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা।‘
তিনি বলেন, ‘শুধু বিদেশে নয় দেশের মানুষের সঙ্গে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।’ এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ১৩ মে পর্যন্ত।
এবারের পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পর এটাই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।





