ঢাকা | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,৮ বৈশাখ ১৪৩৩

‘সংসদের কেনাকাটায় হরিলুট’, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

‘সংসদের কেনাকাটায় হরিলুট’-শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ৫ সদস্যের এ কমিটি গঠন করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ (২১ এপ্রিল) পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিনকে (নিজান)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে দন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।