পাঁচ দশকের বেশি সময় পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস–২ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে নাসা। আবহাওয়া ও প্রযুক্তিগত বিষয় বিবেচনায় এটি সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে রাত ৮টা ২৪ মিনিটের মধ্যে উড্ডয়ন করানো হতে পারে। যা বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ভোরে ছিলো
এই মিশনে চারজন মহাকাশচারী অংশ নিয়েছেন, যারা প্রায় ১০ দিনের যাত্রায় চাঁদের চারপাশে ঘুরে আবারও পৃথিবীতে ফিরে আসবে। এটি হবে ১৯৭২ সালের পর প্রথম মানববাহী চন্দ্র অভিযান।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে নভোচারীরা নানান পরীক্ষা–নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে।
তবে এই মিশনে চাঁদে অবতরণ করা হবে না। মূল লক্ষ্য হচ্ছে চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গলের মতো আরও কঠিন অভিযানের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র।








