মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুতা পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিবসটি উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজনকে জুতা পায়ে শহীদ বেদিতে উঠে ফুল দিতে দেখা যায়, যা উপস্থিত অনেকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
স্থানীয়দের দাবি, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এ ধরনের আচরণ অনভিপ্রেত ও অসম্মানজনক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়েছে।
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।






