চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. জাহিদুল ইসলাম (২২)। তিনি ওই এলাকার খাইবত আলী মাঝি বাড়ির বাসিন্দা এবং মোস্তাক আহম্মদের ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, পারিবারিক কলহের জেরে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি।
স্বজনদের দাবি, জাহিদুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






