ঢাকা | সোমবার, ৩১ আগস্ট ২০২৬,১৬ ভাদ্র ১৪৩৩

ইরানের স্কুলে হামলা ‘ভুল’ ছিল—মার্কিন সিনেটরের স্বীকারোক্তি

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এক রিপাবলিকান সিনেটর প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। মার্কিন সিনেটর জন কেনেডি বলেছেন, হামলাটি সম্ভবত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই হয়েছে এবং এটি একটি “ভুল” ছিল।

ক্যাপিটল হিলে সাংবাদিকদের তিনি বলেন, “এটি ভয়াবহ। আমরা একটি ভুল করেছি।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কখনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে না এবং বিষয়টি বর্তমানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তদন্ত করছে।

গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ১৬৮–১৮০ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

ঘটনার ভিডিও ও স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, হামলায় সম্ভবত যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্ষেপণাস্ত্র বর্তমানে মূলত যুক্তরাষ্ট্রই ব্যবহার করে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলাটি ইরান বা অন্য কোনো পক্ষও করতে পারে—যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।

সূত্র:  টাইমস অব ইসরায়েলের।