ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বেলারুশ নাগরিককে প্রাইভেটকার দিয়ে চাপা দেওয়ার অভিযোগ, চালক আটক

পাবনার ঈশ্বরদীতে এক বেলারুশ নাগরিককে প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে পুলিশ এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।


সোমবার রাতে ঈশ্বরদীর নতুন হাট গ্রীনসিটি সংলগ্ন বাজার এলাকায় গ্যালাক্সি বার-এর সামনে এ ঘটনা ঘটে।
আহত বিদেশি নাগরিকের নাম হারশাকৌ উলাজিস্লাউ (২৯)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত নিকিমথ কোম্পানির একজন বেলারুশিয়ান প্রকৌশলী।


ঘটনায় জড়িত প্রাইভেটকারটির চালক ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলা এলাকার বাসিন্দা আরশাদ আলমের ছেলে মো. সানজিদ (২১) কে পুলিশ আটক করেছে। পাশাপাশি ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২ নম্বরের প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।


জানা যায়, একটি প্রাইভেটকার তাকে লক্ষ্য করে এগিয়ে আসে এবং চাপা দেওয়ার চেষ্টা করে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করে।


স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গ্রীন সিটির অভ্যন্তরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে ।