ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাঁর মাথায় রক্তনালির মাঝে গুলির অংশ আটকে আছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ এসব তথ্য জানান।
তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানো হয়েছে। তাঁর পরিবার তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডা. আব্দুল আহাদ আরও জানান, ওসমান হাদির মাথায় গুলির একটি ছোট অংশ ব্রেইনে রয়ে গেছে, যা অনেকগুলো রক্তনালির মাঝে আটকে আছে। বর্তমানে তাঁর হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল আছে। তবে শারীরিক অবস্থা এবং সিটিস্ক্যানের রিপোর্ট অপরিবর্তিত রয়েছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে। তবে তাঁর কিডনি কাজ করছে এবং লাইফসাপোর্টের মাধ্যমে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সক্রিয় রাখা হয়েছে। বোর্ড মন্তব্য করেছে যে, তাঁকে যিনি গুলি করেছেন, তিনি খুবই দক্ষ শুটার।
এর আগে সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসক ওসমান হাদিকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এদিকে, পুলিশ ওসমান হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত এবং এর মালিককে আটক করেছে। এছাড়াও, গুলির ঘটনায় জড়িতকে ধরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।









