জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রঅধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিবকে সহসভাপতি (ভিপি) পদে রেখে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রেপ্তার হয়ে প্রায় ১৫ মাস কারাগারে থাকা খাদিজাতুল কুবরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে রফিক ভবনের নিচতলায় প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ভিপি পদপ্রার্থী রাকিব উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন। এছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিল ইসলাম মনোনয়ন পেয়েছেন। তাদের নেতৃত্বেই ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলে লড়বে ছাত্রদল।
এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো: মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মোঃ কামরুল হাসান নাফিস, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোঃ আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব।
এছাড়াও সাতটি নির্বাহী সদস্য পদের মধ্যে ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একটি নির্বাহী সদস্য পদের নাম পরে ঘোষণা করার কথা বলেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব।
নির্বাহী পদের ছয় প্রার্থী হলেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তামিম ও আরিফুল ইসলাম আরিফ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে প্রার্থীরা ২৩টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন। ওই দুটি পদ ছাড়া প্রার্থীরা বাকি ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।






