ঢাকা | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,১২ কার্তিক ১৪৩৩

যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার

বাংলাদেশের বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) ছাত্র-ছাত্রী ভর্তির হার অত্যন্ত কম থাকায় ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার এক আদেশে এ কথা জানায়।

আদেশে বলা হয়েছে, বিগত তিন বছরে সংযুক্ত তালিকাভুক্ত ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তির হার সন্তোষজনক নয়, এমনকি কিছু-কিছু ক্ষেত্রে ভর্তির সংখ্যা একেবারেই শূন্য। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে প্রথম শিফটেও ছাত্র-ছাত্রী ভর্তির হার বেশ কম। সার্বিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরো বলা হয়, তালিকাভুক্ত ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ বা সেশন থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ভবিষ্যতে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধি সাপেক্ষে এই শিফটগুলো পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

এছাড়া, স্থগিতকৃত ২৫টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফটে কর্মরত জনবলকে যে সমস্ত প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু রয়েছে, সেখানে বদলি বা পদায়ন করা হবে যাতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা যায়।

দ্বিতীয় শিফট স্থগিত করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— জয়পাড়া, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভৈরব, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, হোসেনাবাদ, ঝিনাইদহ, শেরপুর, মৌলভীবাজার, নওগাঁ, নাটোর, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।