ঢাকা | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,১২ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় এইচএসসির ফল প্রকাশের রোডম্যাপ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের রোডম্যাপ চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্তশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের তারিখ ও সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী জাপান সফরে গেছেন। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ফল প্রকাশের বিষয়ে অনুমোদন নেবেন। এরপর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এবং এ-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অনুমোদন পাওয়ার পরই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরবর্তী তথ্য জানানো হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর হবে। কিন্তু ওই কয়টায় ও কীভাবে ফল প্রকাশ করা হবে তা বিস্তারিত আজ ২৬ অক্টোবর জানানো হবে। কিন্তু প্রধানমন্ত্রী জাপান সফরে যাওয়ার ফলে অনুমোদনের অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ড।

জানা গেছে, ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী।

৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।