ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,৩ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী কক্সবাজার থেকে উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। রোববার বেলা ৩টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।

গত ১৪ অক্টোবর স্কুলে যাওয়ার নাম করে ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী এবং দারুল উলুম মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীসহ তিনজন নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে কক্সবাজার থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে রোববার নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ছাত্রীরা পুলিশকে জানিয়েছে, পারিবারিক অশান্তি, মা-বাবার মনোমালিন্য, নানাবিধ মানসিক চাপ, অবহেলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় ওই তিন ছাত্রী মায়ের চিকিৎসার জন্য জমানো নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিখোঁজ তিন ছাত্রীর সঙ্গে রাঙামাটি এলাকার ষোড়শ এক কিশোরের যোগাযোগ ছিল। টিকটক ও ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে তাদের পরিচয় হয়। পুলিশ এই সূত্র ধরে অভিযান চালিয়ে কক্সবাজারের একটি হোটেল (গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট) থেকে গত ১৭ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে তিন ছাত্রীকে উদ্ধার করে। এর আগে তিন ছাত্রী এক অটোরচালকের সহায়তায় ওই হোটেলের একটি কক্ষ ২০ হাজার টাকায় তিন দিনের জন্য ভাড়া করে বলে জানা গেছে। এ সময় তাদের সঙ্গে থাকা কিশোরের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সুপার মেনহাজুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের অপব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার ঘটনায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।