প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়েও উদ্যোগ নেয়া হবে।
শনিবার নিজ কার্যালয়ে বিশেষচাহিদা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বসয়সীমা বাড়ানোর বিষয়টি আমি দেখবো। যাতে অন্তত দুই-এক বছর বয়স বাড়ানো যায়। কাল পরশুর মধ্যে এ বিষয়ে নির্দেশনা দেবো। প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা দেখবো আমরা।
শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মস্থানের সুযোগ নিয়ে তিনি বলেন, একটি বিষয় এখানে এসেছে সেটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া যায় কিনা। এই প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটি নিয়ে আমি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো। যাতে করে এ ব্যাপারে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি।
তিনি আরো বলেন, আরেকটি বিষয় সামনে এসেছে- সংসদে আপনাদের প্রতিনিধির ব্যাপারে আপনারা প্রস্তাব দিয়েছেন। এটা আমি দলের নেতাদের সঙ্গে আমরা আলাপ করবো। যদি সম্ভব হয় আমরা ব্যবস্থা করবো। যেনো একজন পুরুষ ও একজন নারী সদস্য সংসদে থাকে সে ব্যাপারে সম্ভব হলে ব্যবস্থা নেয়া হবে।





