ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬,২৬ আশ্বিন ১৪৩৩

ঢাবি’র ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন ২০২৭ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন। একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হবে।

৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যথাযথ কার্যক্রম প্রণয়নের জন্য এক সভা আজ রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি এবং এ. কে. এম. ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ খ্রিষ্টাব্দের ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর শেষ হবে।

৫৪তম সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমাবর্তন অনুষ্ঠান উদযাপনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি সফলভাবে সমাবর্তন আয়োজনের লক্ষ্যে উপ-কমিটিগুলোকে অনতিবিলম্বে কাজ শুরু করার আহ্বান জানান। শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।