ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬,২৬ আশ্বিন ১৪৩৩

১৯ দিনেও অচলাবস্থা কাটেনি চুয়েটে, ভারপ্রাপ্ত উপাচার্য আরাফাত

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে অচলাবস্থা বিরাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। ১৯ দিন পার হলেও স্বাভাবিক হয়নি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম; তালা ঝুলছে প্রশাসনিক ভবনেও। এরই মধ্যে দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে।

রোববার (১১ অক্টোবর) থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করবেন। এর আগে শুক্রবার চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম তাকে এই দায়িত্ব দেন। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, রেজিস্ট্রার, ডিন ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য নিজেই।

তিনি জানান, অধ্যাপক আরাফাত রহমানকে ১১ ও ১২ অক্টোবর—এই দুই দিনের জন্য রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য পদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন। উপাচার্য দপ্তরের ফটকে ঝুলিয়ে দেওয়া হয় তালা। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে এখন পর্যন্ত ক্যাম্পাসেই যেতে পারেননি উপাচার্য শেখ শরীফুল আলম। তবে ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

চুয়েট সূত্রে জানা গেছে, উপাচার্য শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় উপস্থিত হতে দুই দিন ঢাকায় অবস্থান করবেন। সেই সময়ের জন্যই অধ্যাপক আরাফাতকে রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

রুটিন দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন অধ্যাপক আরাফাত রহমান। শিক্ষার্থীদের পাঠদান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব শ্রেণি কার্যক্রমে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বোঝানোর চেষ্টা করব।