মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে প্রকাশ্যে বই দেখে পরীক্ষা দেওয়ার অভিযোগে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট ২ জন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসদুপায় অবলম্বনের এই ঘটনায় জড়িত শিক্ষক ও পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইতোমধ্যে পরীক্ষার সময় নকলে জড়িত ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২ জন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হন। এছাড়া তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ গতকাল শুক্রবার গাংনী থানায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরো ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।






